নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ পোশাক কারখানা ‘ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড’ বছরে প্রায় ৯৮ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করছে। রোমানিয়া ও বাংলাদেশের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটিতে আন্তর্জাতিক বাজারের জন্য বছরে প্রায় ৫০ লাখ পিস পুরুষদের পোশাক উৎপাদিত হচ্ছে।

২০১২ সালে যাত্রা শুরু করা এই কারখানায় এখন পর্যন্ত ৪৫.৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। বিশ্বমানের এই কারখানাটিতে এইচঅ্যান্ডএম, জারা, মার্কস অ্যান্ড স্পেনসার, সিঅ্যান্ডএ ও প্রাইমার্কের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য টেইলর্ড স্যুট, ব্লেজার, ফরমাল ট্রাউজার ও জ্যাকেট তৈরি করা হয়। আন্তর্জাতিক বাজারে এসব স্যুটের মূল্য ব্র্যান্ডভেদে ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত।

প্রায় ৫ লাখ ৩৫ হাজার বর্গফুটের এই প্রতিষ্ঠানে বর্তমানে ৮ হাজার ১৯৪ জন কর্মী কাজ করছেন। কারখানার চমৎকার কর্মপরিবেশের পাশাপাশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষায় সহায়তা প্রদান করে প্রতিষ্ঠানটি। এর একটি বড় উদাহরণ জান্নাতুল ফেরদৌস—যিনি রিসেপশনিস্ট হিসেবে যোগ দিয়ে কারখানার সহায়তায় উচ্চশিক্ষা শেষ করেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটিতেই অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে পদোন্নতি পেয়ে কাজ করছেন।

পরিবেশবান্ধব উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়ায় প্রতিষ্ঠানটি ইউএসজিবিসির ‘লিড গোল্ড’ সনদ অর্জন করেছে। সৌরবিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি আধুনিক কাটিং, সেলাই ও প্যাকেজিং ব্যবস্থার মাধ্যমে এর উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়।

ইপিজেড কর্তৃপক্ষের নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহের ফলে কারখানা পরিচালনায় গতি এসেছে বলে জানিয়েছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ২০২৫-২৬ অর্থবছরে আদমজী ইপিজেডের ৪৭টি প্রতিষ্ঠান মোট ১.১৭৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা নতুন কারখানাগুলো চালু হলে সামনে আরও বৃদ্ধি পাবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com