বাংলাদেশে নতুন বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে দুই দিনের সফরে ঢাকায় আসছে ভারতের ১৪টি বৃহৎ শিল্পগোষ্ঠীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ১৮ সদস্যের এই দলের নেতৃত্বে রয়েছেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত থেকে এটিই প্রথম কোনো ব্যবসায়ী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর।

সফরসূচি অনুযায়ী, প্রতিনিধিদলের সদস্যরা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। একই দিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং এফবিসিসিআই-এর নেতাদের সঙ্গেও তাঁদের বৈঠকের কথা রয়েছে। এছাড়া বুধবার সকালে ঢাকা ছাড়ার আগে ভারতীয় প্রতিনিধিদলটির প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও রাজনৈতিক টানাপোড়েনের আবহেই এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। বন্দর ব্যবহারে বিধিনিষেধ, আকাশপথে পণ্য পরিবহনে বাধা এবং সুতা আমদানির কড়াকড়ির কারণে সাম্প্রতিক সময়ে দুই দেশের বাণিজ্য ব্যাহত হচ্ছে।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ বিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় ২ বিলিয়ন ডলার। বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য সামনে রেখে প্রতিবেশী দেশটির প্রভাবশালী ব্যবসায়ী দলের এই আগমনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সফরকারী দলে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, ভারত বায়োটেক, মাহিন্দ্রা গ্রুপ, অরবিন্দ লিমিটেড এবং অ্যাপোলো হসপিটালসের মতো ভারতের খ্যাতনামা প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com