টেক্সটাইল শিল্পের আধুনিকায়ন, গবেষণা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের পেশাজীবীদের দক্ষ করে তুলতে ‘বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) প্রাঙ্গণে আয়োজিত ‘বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশে টেক্সটাইল খাতের প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। দেশের বর্তমান অর্থনীতিতেও এ খাতের অবদান অপরিসীম। আর বুটেক্স প্রতিনিয়ত যেসব দক্ষ জনবল তৈরি করছে, দেশ ও দেশের বাইরে তাদের ব্যাপক চাহিদা রয়েছে।


শিল্পখাতে পানির ব্যবহারের চিত্র তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, টেক্সটাইল প্রক্রিয়াজাতকরণে প্রচুর পানির প্রয়োজন হয়। তবে আশঙ্কাজনকভাবে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে উপরিভাগের পানির ব্যবহার বাড়াতে হবে এবং পানি পানের বিকল্প বা সাশ্রয়ী উদ্ভাবনে জোর দিতে হবে।


তিনি আরও যোগ করেন, পোশাক ও টেক্সটাইল খাতের অগ্রযাত্রাকে টেকসই করতে হলে পানি সংরক্ষণ, কার্যকর বর্জ্যপানি শোধন ও পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব সবুজ উৎপাদন ব্যবস্থা জোরদার করা অপরিহার্য।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটি সভাপতি ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন ও মহাসচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. তানিয়া আক্তার এবং অধ্যাপক ড. রাশেদা বেগম।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com