EMMTEX SLN Textile Industry Advertisement Banner

সবুজ ও প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে বাংলাদেশ-চীন সহযোগিতাকে আরও জোরদার করার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘২য় বাংলাদেশ-চায়না গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৬’ আজ (১৬ মে) শেষ হচ্ছে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের শীর্ষস্থানীয় টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, প্রযুক্তিবিদ, বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

প্রদর্শনীতে পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও রিসাইকেলযোগ্য টেক্সটাইল প্রযুক্তির নানা উদ্ভাবন তুলে ধরা হয়। পাশাপাশি আয়োজন করা হয় সেমিনার ও প্যানেল আলোচনা, যেখানে দুই দেশের শিল্প উদ্যোক্তারা টেকসই শিল্পায়ন, সবুজ প্রযুক্তি এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পকে আরও টেকসই ও প্রযুক্তিনির্ভর করতে চীনের বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনী সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে অর্থবহ বিনিয়োগের আহ্বান জানান এবং সবুজ শিল্পায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও পাটখাত আধুনিকায়নে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ শিল্পখাতের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশে সবুজ টেক্সটাইল শিল্পের বিকাশ, প্রযুক্তি বিনিময় এবং বিদেশি বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকা এই প্রদর্শনী আজ সন্ধ্যায় শেষ হবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com