টেক্সটাইল প্রকৌশল শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আলোকচিত্র প্রতিভা তুলে ধরতে আয়োজন করা হয়েছে সৃজনশীল প্রতিযোগিতা ‘TexFrame’। টিইসিএন আর্ট এন্ড ফটোগ্রাফি সোসাইটি আয়োজিত এ প্রতিযোগিতায় প্রেজেন্টিং পার্টনার হিসেবে রয়েছে Ratex Blue। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট ৬ হাজার টাকা প্রাইজমানি রাখা হয়েছে।
প্রতিযোগিতায় দুটি বিভাগ রয়েছে, আর্ট এবং মোবাইল ফটোগ্রাফি। বাংলাদেশের ১০টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চলমান শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি দিতে হবে না।দুটি বিভাগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে পুরস্কার ও সনদ। প্রথম স্থান অর্জনকারী পাবেন ১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী ১ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৫০০ টাকা।
আয়োজকেরা জানিয়েছেন, একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি ছবি ও তিনটি আর্টওয়ার্ক জমা দিতে পারবেন। মোবাইল ফটোগ্রাফি বিভাগে কেবল মোবাইল ফোনে ধারণ করা ছবি গ্রহণ করা হবে। ডিএসএলআর বা অন্য কোনো স্বতন্ত্র ক্যামেরায় তোলা ছবি গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে এআই-নির্ভর বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি জমা দেওয়াও নিষিদ্ধ।
অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের টিইসিএন আর্ট এন্ড ফটোগ্রাফি সোসাইটি এবং Ratex Blue-এর ফেসবুক পেজে লাইক দিতে হবে এবং নির্ধারিত অফিসিয়াল গ্রুপে যুক্ত হয়ে সেখানে নিজেদের কাজ পোস্ট করতে হবে। প্রতিটি পোস্টে উপযুক্ত ক্যাপশন, ছবির লোকেশন এবং #RatexBlue_TexFrame হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
পোস্টের কমেন্টে অংশগ্রহণকারীর নাম, ক্যাম্পাসের নাম, ব্যাচ নম্বর, ছবি বা ব্যবহৃত ডিভাইসের তথ্য এবং ছবি ধারণের সময়ের স্ক্রিনশট দিতে হবে। আর্ট বিভাগে অংশগ্রহণকারীদের নিজেদের কাজের প্রমাণ হিসেবে কাজ তৈরির ভিডিওও কমেন্টে যুক্ত করতে হবে। অন্যের কাজ নিজের নামে জমা দিলে প্রতিযোগীকে তাৎক্ষণিকভাবে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে আয়োজকেরা।
প্রতিযোগিতার মূল কার্যক্রম ২০ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। জমা দেওয়া ছবি ও আর্টওয়ার্ক বিচারকদের মূল্যায়নের পাশাপাশি পোস্টে পাওয়া রিঅ্যাকশনের সংখ্যাও বিবেচনায় নেওয়া হবে। প্রতিযোগিতা শেষে প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রদর্শনীর তারিখ ২০ সেপ্টেম্বরের পর জানানো হবে।আয়োজকদের মতে, দেশের বিভিন্ন টেক্সটাইল কলেজের তরুণ শিক্ষার্থীদের শিল্পবোধ, সৃজনশীলতা ও ফটোগ্রাফির দক্ষতা প্রকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ‘TexFrame’। বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত ও সফল হয়ে উঠবে বলে প্রত্যাশা তাঁদের।

