কারখানা বিক্রি বা হস্তান্তরের আতঙ্ক এবং বকেয়া পাওনা আদায়ের দাবিতে চট্টগ্রামের আতুরের ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘ইত্যাদি জিন্স লিমিটেড’-এর পোশাকশ্রমিকরা। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত টানা সড়ক অবরোধ চলায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানাটি গোপনে বিক্রি বা হস্তান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইন অনুযায়ী, কারখানা বন্ধ বা বিক্রি করা হলে দীর্ঘদিনের পুরোনো শ্রমিকদের তিন মাসের অগ্রিম বেতন, অর্জিত ছুটির টাকাসহ সব ধরনের আইনগত পাওনা পরিশোধ করতে হয়। তবে কর্তৃপক্ষ পাওনা মিটিয়ে দেওয়ার বিষয়ে কোনো কার্যকর পদক্ষপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।
তবে মালিকপক্ষের পক্ষ থেকে হস্তান্তরের খবরটি অস্বীকার করা হয়েছে। প্রতিষ্ঠানটির এইচআর বিভাগের সহকারী ব্যবস্থাপক রাশেদ সিকদার জানান, কারখানাটি হস্তান্তরের কথা থাকলেও শ্রমিকদের কাজের সদিচ্ছা দেখে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে এবং পুনরার কারখানা চালু সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের কোনো নিয়মিত বেতন বকেয়া নেই বলেও দাবি করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে বকেয়া আদায়ের লক্ষ্যে চার দিন কর্মবিরতি পালন করায় শ্রমিকদের চার দিনের বেতন কেটে নেয় কর্তৃপক্ষ। পরে তা ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।
এ বিষয়ে শিল্প পুলিশের সুপার মাহমুদা বেগম জানান, মালিকানা পরিবর্তন ও পাওনা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চালাচ্ছে।

