পরিবেশ দূষণের অপরাধে সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সংস্কার করে সচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের মশিপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম। এতে প্রসিকিউশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রতিদিন যে পরিমাণ তরল বর্জ্য তৈরি হয়, সে তুলনায় ইটিপির সক্ষমতা ছিল বেশ কম। ফলে অপরিশোধিত বর্জ্য সরাসরি লোকালয়ে ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছিল। আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ক্ষতিকর তরল বর্জ্য নির্গমনের বাইপাস লাইনটি কেটে ফেলে দেওয়া হয়।

এছাড়া, আগামী চার মাসের মধ্যে ইটিপির ধারণক্ষমতা বাড়িয়ে তা পুরোপুরি কার্যকর করার শর্তে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আদেশ বাস্তবায়নে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

অভিযানে শাহজাদপুর থানা পুলিশ সদস্যরা সহায়তা করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com