দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস এর সভাপতি ইঞ্জি. মো. এনায়েত হোসেনের নেতৃত্বে ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ সোমবার (২৭ জুলাই) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মহোদয়ের সাথে তাঁর বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি পর্বে মিলিত হন।
সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী আইটিইটি এর নবনির্বাচিত সকল কর্মকর্তাবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, চলমান সংকট নিরসন এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। মন্ত্রী মহোদয় শিল্পের টেকসই প্রবৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে আইটিইটির কাছ থেকে সুনির্দিষ্ট লিখিত পরামর্শ আহ্বান করেন।
আলোচনার এক পর্যায়ে আইটিইটি সভাপতির পক্ষ থেকে দেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে মানসম্মত ও বাস্তবধর্মী শিক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। জবাবে মাননীয় মন্ত্রী জানান, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষক সংকট দূর করতে চীনসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে ‘স্টুডেন্ট অ্যান্ড টিচার এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এর মতো আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জি. মহিউদ্দিন আহমেদ সেলিম এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম, বাংলাদেশ-এর সভাপতি ইঞ্জি. এ. টি. এম. শামসুদ্দিন খান।

