বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘জুলাই শহীদ’ স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উপলক্ষে ওই দিন বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
সংসদ সদস্য সানজিদা ইসলাম, সংসদ সদস্য মাহমুবা হাকিম, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম), ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন।
স্মরণ সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

