বস্ত্র অধিদপ্তরের অধীনস্থ সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম বর্ষের ক্লাস আগামী ১৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। এর আগের দিন, অর্থাৎ ১৬ আগস্ট নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি বস্ত্র অধিদপ্তর থেকে উপপরিচালক (কারিগরি) মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি কার্যক্রম চলতি মাসের ৯ তারিখে সম্পন্ন হয়েছে। গৃহীত নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ আগস্ট ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং ১৭ আগস্ট থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।
দেশের ১০টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এই নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম চালু হতে যাচ্ছে। কলেজগুলো হলো— সিলেট, পাবনা, চট্টগ্রাম (জোরারগঞ্জ), নোয়াখালী (বেগমগঞ্জ), বরিশাল, ঝিনাইদহ, রংপুর (পীরগঞ্জ), গোপালগঞ্জ, জামালপুর (মেলান্দহ) এবং মাদারীপুর (শিবচর) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।
অধিদপ্তরের পক্ষ থেকে নির্ধারিত তারিখ অনুযায়ী ক্লাস ও ওরিয়েন্টেশন শুরুর জন্য সব ধরণের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।

