বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল এবং পরিবেশবান্ধব উৎপাদন খাতে নতুন করে বিনিয়োগের জন্য ইউনিক্লোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড় ১০টায় ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। ইউনিক্লো হলো বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক এই ফাস্ট রিটেইলিংয়ের মূল প্রতিষ্ঠান।
বৈঠকে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি, তৈরি পোশাক খাতে প্রযুক্তি হস্তান্তর, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই উৎপাদনব্যবস্থা নিয়ে বিষদ আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন এবং দেশের পোশাকশিল্পের প্রতি ইউনিক্লোর আস্থার জন্য ধন্যবাদ জানান।
বাংলাদেশে ইউনিক্লোর ব্যবসা সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে জমি বরাদ্দ, বিনিয়োগের দ্রুত অনুমোদন এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার বিষয়ে তিনি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। দুই পক্ষই আশা প্রকাশ করে যে, এই চুক্তি স্বাক্ষরিত হলে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী হবে।


