দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে। তবে চলতি বছরের মে মাসে এ খাতের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে কমেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩.৫৯ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮.২৯ শতাংশ কম।
চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৩.৭৯ বিলিয়ন ডলার। এ সময়ে মোট রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২.৫৫ শতাংশ হ্রাস পেয়েছে। এর প্রধান কারণ হিসেবে পোশাক খাতের রপ্তানি কমে যাওয়াকে উল্লেখ করা হচ্ছে।
একই সময়ে তৈরি পোশাক খাত থেকে আয় হয়েছে ৩৫.৩১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৩৬.৫৬ বিলিয়ন ডলারের তুলনায় ৩.৪১ শতাংশ কম।
এর আগে টানা আট মাস রপ্তানি আয় কমার পর এপ্রিল মাসে কিছুটা ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গিয়েছিল। তবে সেই পুনরুদ্ধারের ধারা দীর্ঘস্থায়ী হয়নি। মে মাসে আবারও পোশাক রপ্তানি কমে যাওয়ায় খাতটির সামগ্রিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


