EMMTEX SLN Textile Industry Advertisement Banner

ইসলামাবাদ: কয়েক মাসের মন্দাভাব কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের টেক্সটাইল ও পোশাক খাত। দেশটির টেক্সটাইল ও তৈরি পোশাক রপ্তানি চলতি বছরের এপ্রিলে আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। এতে বৈশ্বিক বাজারে চাহিদা পুনরুদ্ধারের ইতিবাচক বার্তা মিলছে।

মঙ্গলবার প্রকাশিত পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিসটিকস (পিবিএস)-এর তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে দেশটির টেক্সটাইল রপ্তানি ধারাবাহিকভাবে চাপের মুখে ছিল। অক্টোবর ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত অধিকাংশ মাসেই রপ্তানি প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক। শুধু জানুয়ারিতে সামান্য ৩ দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধি দেখা গিয়েছিল।

সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের এপ্রিলে পাকিস্তানের টেক্সটাইল ও পোশাক রপ্তানির পরিমাণ ছিল ১ দশমিক ২২ বিলিয়ন ডলার। চলতি বছরের একই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

খাতভিত্তিক হিসাবে তৈরি পোশাক রপ্তানি মূল্যে ১৫ দশমিক ৯০ শতাংশ এবং পরিমাণে ২৩ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। নিটওয়্যার রপ্তানি মূল্যে ২৪ দশমিক ৩৩ শতাংশ ও পরিমাণে ২৩ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বেডওয়্যার রপ্তানি মূল্যে ২১ দশমিক ২৮ শতাংশ এবং পরিমাণে ২৩ দশমিক ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তোয়ালে রপ্তানি মূল্যে ৫ দশমিক ১৩ শতাংশ এবং পরিমাণে ৬ শতাংশ বেড়েছে। তুলার কাপড় রপ্তানি মূল্যভিত্তিক ১৫ দশমিক ৪০ শতাংশ ও পরিমাণে ২২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে সুতা রপ্তানিতে বড় উল্লম্ফন দেখা গেছে। এপ্রিল মাসে সুতা রপ্তানি বেড়েছে ১০৯ শতাংশেরও বেশি।

অন্যদিকে, তোয়ালে ছাড়া অন্যান্য তৈরি পণ্যের রপ্তানি ১৫ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেলেও তাঁবু, ক্যানভাস ও ত্রিপল রপ্তানি কমেছে ৫১ দশমিক ৩৩ শতাংশ।

এদিকে পাকিস্তানের জ্বালানি আমদানি ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এপ্রিলে দেশটির তেল আমদানি বিল ৬৭ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ২ দশমিক ২৭১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মূলত পেট্রোলিয়াম পণ্যের আমদানি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে এই ব্যয় বেড়েছে।

পিবিএস-এর তথ্যে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে মোবাইল ফোন আমদানি ২৯ দশমিক ১৭ শতাংশ বেড়ে ১ দশমিক ৬২১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ দশমিক ২৫৪ বিলিয়ন ডলার।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com