বিশ্বজুড়ে হোসিয়ারি বা বুনা পোশাকের বাজারে এখন দৃশ্যমান পরিবর্তনের ছোঁয়া। পোশাক খাতের আন্তর্জাতিক ক্রেতারা এখন আর শুধু সাধারণ মানের পোশাকের পেছনে ছুটছেন না; বরং তারা গুরুত্ব দিচ্ছেন পোশাকের গুণগত মান, দীর্ঘস্থায়িত্ব এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্যের ওপর। সম্প্রতি গবেষণা সংস্থা ‘রিচার্চ নেস্টার’-এর প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী হোসিয়ারি পণ্যের বাজারমূল্য ছিল ৪,৪১৬ কোটি মার্কিন ডলার। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়াবে ৪,৫৪৬ কোটি ডলারে, এবং আগামী ২০৩৪ সালের মধ্যে তা ৫,৭৩৭ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই সময়ের মধ্যে বার্ষিক গড় প্রবৃদ্ধির হার (সিএজিআর) দাঁড়াবে ২.৯৫ শতাংশ।

আঞ্চলিক হিসেবে এই বৈশ্বিক বাজারে ৩০ শতাংশের সিংহভাগ দখল করে শীর্ষে রয়েছে ইউরোপ মহাদেশ। ইউরোপের গ্রাহকরা এখন সৌন্দর্য ও আরামের পাশাপাশি আধুনিক প্রযুক্তি-নির্ভর পোশাক ব্যবহারে সবচেয়ে বেশি আগ্রহী।

অনুরূপ চিত্র মিলেছে আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা ‘ফরচুন বিজনেস ইনসাইটস’-এর তথ্যেও। সেখানে বলা হয়েছে:

  • ঐতিহ্যবাহী মোজা: সামগ্রিক হোসিয়ারি বাজারের প্রায় ৩৫ শতাংশ জুড়ে দখল বজায় রেখেছে প্রথাগত মোজা বা সক্স।
  • পুরুষদের হোসিয়ারি: বাজারের প্রায় ৩০ শতাংশ অংশ দখলে রেখে দ্রুত বৃদ্ধি পাচ্ছে পুরুষদের পোশাকের চাহিদা। মূলত দাপ্তরিক মোজা এবং আধুনিক স্পোর্টস ওয়্যারের কারণে এই চাহিদা বাড়ছে।

বিশ্বজুড়ে এই পরিবর্তনের পেছনে প্রধান চালিকাশক্তি হলো আরামদায়ক, আধুনিক এবং পরিবেশবান্ধব পোশাকের ক্রমবর্ধমান চাহিদা। বর্তমানে বিশ্বজুড়ে ক্রেতারা সহজে ঘাম শুষে নেয় এমন ফাইবার, সেলাইহীন মসৃণ নির্মাণ (সিমলেস কনস্ট্রাকশন) এবং বডি-শেপিং প্রযুক্তির পোশাক ব্যবহারে বেশি উৎসাহিত হচ্ছেন। প্রতিদিনের ক্যাজুয়াল ব্যবহারের পাশাপাশি ‘অ্যাথলেইজার’ (খেলাধুলা ও দৈনন্দিন ব্যবহারের মিশ্র পোশাক) হিসেবে এসব পোশাকের চাহিদা এখন ঊর্ধ্বমুখী। তৈরি পোশাক প্রস্তুতকারকদের জন্য এই উচ্চমানের পোশাক তৈরি করা শুধু আলাদা ব্র্যান্ড পরিচিতি গড়ার সুযোগই আনছে না, বরং এটি ব্যবসার মুনাফাও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

বাংলাদেশী টেক্সটাইল ও পোশাক শিল্পের জন্য বৈশ্বিক এই রূপান্তর একটি নতুন ও অত্যন্ত সম্ভাবনাময় বার্তা নিয়ে এসেছে। শুধু ঐতিহ্যবাহী মৌলিক বা সাধারণ নিটওয়্যার রফতানির ওপর নির্ভর না করে, বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকরা নিজেদের পণ্য বৈচিত্র্যকরণে মনোযোগ দিতে পারেন। উন্নত মানের সুতা বাছাই এবং আধুনিক নিটিং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে বিশ্বজুড়ে টেকনিক্যাল হোসিয়ারির তৈরি হওয়া নতুন এই বাজার সহজেই দখল করতে পারে বাংলাদেশ।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com