পোশাক খাতের লিড টাইম কমানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স না থাকা শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিমুখী মেলাঞ্জ ইয়ার্ন বা বিশেষ সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে শর্ত সাপেক্ষে পণ্য সরবরাহের নীতিগত অনুমতি দিয়েছে সংস্থাটি।

সম্প্রতি এনবিআরের রপ্তানি ও বন্ড শাখা থেকে জারি করা এক সাধারণ আদেশে এ কথা জানানো হয়। এনবিআর জানিয়েছে, দেশে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও অভ্যন্তরীণ মূল্যসংযোজন বাড়ানোর স্বার্থে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী ডাইং কারখানার ইউপি (ইউটিলাইজেশন পারমিশন) গ্রহণ সাপেক্ষে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোকে এই সুবিধা দেওয়া হচ্ছে।

এনবিআরের আদেশ অনুযায়ী, এ সুবিধাপ্রাপ্তির জন্য কারখানাগুলোকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—বন্ড লাইসেন্সবিহীন মেলাঞ্জ সুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে সরাসরি রপ্তানিমুখী পোশাক কারখানার মাস্টার এলসি বা সেলস কন্ট্রাক্টের বিপরীতে ব্যাক-টু-ব্যাক এলসি খুলতে হবে। একইসঙ্গে সেই এলসিতে পণ্যের পরিমাণের পাশাপাশি ‘মেলাঞ্জ ইয়ার্ন উৎপাদনের জন্য ফাইবার ডাইং’ বিষয়সমূহ স্পষ্টভাবে উল্লেখ রাখতে হবে।

পাশাপাশি ডাইং কারখানাগুলোকে ইউপি আবেদনের সময় সংশ্লিষ্ট ব্যাক-টু-ব্যাক এলসি এবং প্রো-ফরমা ইনভয়েসের অনুলিপি জমা দিতে হবে।

আদেশে আরও উল্লেখ করা হয়, ডাইং করা ফাইবার দিয়ে তৈরি মেলাঞ্জ সুতা কেবল সরাসরি রপ্তানিমুখী পোশাক শিল্পের কাছেই সরবরাহ করা যাবে। সুবিধাটি পেতে লাইসেন্সবিহীন মেলাঞ্জ সুতা কারখানাগুলোকে বাধ্যতামূলকভাবে নাম, ঠিকানা ও বিআইএনসহ কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে (সিবিএমএস) নিবন্ধিত হতে হবে।

পাশাপাশি কারখানাগুলোকে অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল আইআরসিধারী এবং ভ্যাট কমপ্লায়েন্ট বা নিয়ম মেনে চলা প্রতিষ্ঠান হতে হবে। এ ছাড়া প্রতি কর মেয়াদ শেষে সংগৃহীত ডাইং ফাইবারের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে দাখিল করার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com