রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্স মিলনায়তনে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগের ৪৫তম ব্যাচের গ্র্যাজুয়েশন ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ অক্টোবর) ‘True Reflection: Our Journey’ প্রতিপাদ্যে জমকালো এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ফ্যাশন শোতে ৪৫তম ব্যাচের শিক্ষার্থীরা সমকালীন ফ্যাশনের বৈচিত্র্যময় পোশাক ও নকশা নিয়ে আকর্ষণীয় রানওয়ে প্রেজেন্টেশন পরিবেশন করেন। চার বছরের একাডেমিক শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান, গবেষণা, সৃজনশীলতা ও কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে তাঁরা তাঁদের চূড়ান্ত ডিজাইন, ফ্যাশন কালেকশন ও পোর্টফোলিও উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (BGMEA) সভাপতি মাহমুদ হাসান খান। শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, এফডিটি বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা হক ডেইজি এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারহানা করিম।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং দেশের ফ্যাশন, টেক্সটাইল ও পোশাকশিল্পের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্যাশন পেশাজীবী, উদ্যোক্তা ও নিয়োগদাতারাও এ আয়োজনে অংশ নেন।

ফ্যাশন শোতে ইতিহাস, ঐতিহ্য, সমকালীন জীবনধারা, নগর সংস্কৃতি ও চিরন্তন সৌন্দর্যকে উপজীব্য করে পাঁচটি স্বতন্ত্র কালেকশন উপস্থাপন করেন শিক্ষার্থীরা। কালেকশনগুলো হলো— ‘লিগ্যাসি ইন মোশন’ (Legacy in Motion), ‘হেরিটেজ ইন হারমনি’ (Heritage in Harmony), ‘এসেন্স অব রেডিয়্যান্স’ (Essence of Radiance), ‘স্ট্রিট সিম্ফনি’ (Street Symphony) এবং ‘ইটার্নাল এলিগ্যান্স’ (Eternal Elegance)।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞান, গবেষণা, সৃজনশীলতা ও কারিগরি দক্ষতাকে পূর্ণাঙ্গ ফ্যাশন কালেকশনে রূপ দিয়ে শিল্পখাতের দর্শকদের সামনে উপস্থাপনের সুযোগ পান। একই সঙ্গে এটি একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা জোরদার এবং শিক্ষার্থীদের পেশাগত জীবনে প্রবেশের প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করে।

সৃজনশীলতা ও উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ গ্র্যাজুয়েশন ফ্যাশন শোকে শিক্ষার্থীদের একাডেমিক পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, ৪৫তম ব্যাচের নবীন ফ্যাশন পেশাজীবীরা বাংলাদেশের ফ্যাশন ও পোশাকশিল্পের ভবিষ্যৎ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com