তরুণদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ১১তম ‘ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) ২০২৬’। ২৯ সেপ্টেম্বর আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ‘বিজনেস জিনিয়াস বাংলাদেশ’, যেখানে সহযোগিতায় ছিল বিইউএফটির ফ্যাকাল্টি অব অ্যাপারেল স্টাডিজ।
অনুষ্ঠানে ব্যবসায়িক ধারণা উপস্থাপন, কুইজ, রান্না প্রতিযোগিতা, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থী উদ্যোক্তাদের উৎসাহিত ও ক্ষমতায়ন করা, উদ্ভাবনী ব্যবসায়িক ধারণার বিকাশ ঘটানো এবং শিক্ষাঙ্গন ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বিজনেস জিনিয়াস বাংলাদেশ’-এর প্রধান উপদেষ্টা ড. এম. আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আইয়ুব নবী খান। বিশেষ অতিথি ছিলেন ফ্যাকাল্টি অব অ্যাপারেল স্টাডিজের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ রুবাইয়াত চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফারাজি হসপিটাল লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মোজাম্মেল হক, বিইউএফটির অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সাব্বির আহমেদ আবির এবং ‘বিজনেস জিনিয়াস বাংলাদেশ’-এর চেয়ারম্যান এম এ নাহিয়ানসহ সংশ্লিষ্টরা। দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও আয়োজনের মধ্য দিয়ে তরুণদের ব্যবসায়িক জ্ঞান, সৃজনশীলতা, নেতৃত্ব, বিশ্লেষণী দক্ষতা ও উদ্যোক্তা-চিন্তার বিকাশে গুরুত্ব দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাজি হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এম মোক্তার হোসেন। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ববি হক ও অর্চিতা স্পর্শিয়া, অভিনেতা জয় চৌধুরী, ব্র্যান্ড প্রমোটার বিপাশা কবির ও বারিশা হক এবং চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সাকিব সনেট।
আয়োজকরা জানান, সারা দেশের তরুণদের মধ্যে উদ্যোক্তা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ক্যাম্পাস এনগেজমেন্ট, মেন্টরশিপ কার্যক্রম ও ব্যবসায়িক ধারণা প্রতিযোগিতার মাধ্যমে বিজিবির ১১তম আসরের কার্যক্রম অব্যাহত থাকবে। ‘বিজনেস জিনিয়াস বাংলাদেশ’ তরুণ উদ্যোক্তা তৈরি, উদ্ভাবনী ব্যবসায়িক কৌশল বিকাশ এবং শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য দেশীয় ও বৈশ্বিক নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরিতে কাজ করে যাচ্ছে।


