EMMTEX SLN Textile Industry Advertisement Banner

দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের জন্য দক্ষ, প্রযুক্তি-সচেতন এবং কর্মদক্ষ তরুণ প্রকৌশলী তৈরির লক্ষ্য নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হয়েছে ‘টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৬’। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি (TES) আয়োজিত এ দিনব্যাপী অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন টেক্সটাইল প্রকৌশলী, শিল্প উদ্যোক্তা, করপোরেট প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সূচনা হয় অংশগ্রহণকারীদের নিবন্ধন ও কিট বিতরণের মাধ্যমে। উদ্বোধনী বক্তব্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির প্রতিষ্ঠাতা মো. রিফাতুর রহমান মিয়াজী বলেন, শিল্পখাতের পরিবর্তিত বাস্তবতায় সফল হতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, ব্যবহারিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে হবে। তিনি তরুণদের নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি শিল্পের চাহিদা অনুযায়ী প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

কার্নিভালে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় নেতৃত্ব বিকাশ, ক্যারিয়ার পরিকল্পনা, করপোরেট সংস্কৃতি, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং পেশাগত দক্ষতা উন্নয়নবিষয়ক বিভিন্ন সেমিনার ও আলোচনা। এসব সেশনে শিল্পখাতের অভিজ্ঞ ব্যক্তিরা বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, ক্যারিয়ার গঠনের কৌশল এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে আয়োজন করা হয় ‘ওয়ান-টু-ওয়ান সিভি রিভিউ’ কার্যক্রম। এতে অভিজ্ঞ এইচআর পেশাজীবীরা অংশগ্রহণকারীদের জীবনবৃত্তান্ত মূল্যায়ন করে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি তরুণদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাধর্মী কাজ তুলে ধরতে অনুষ্ঠিত হয় ক্রিয়েটিভ ও প্রজেক্ট এক্সিবিশন, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।দিনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা এবং অটোমেশন, স্মার্ট টেক্সটাইল ও ইন্ডাস্ট্রি ৪.০-বিষয়ক কারিগরি আলোচনা। বক্তারা আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের কর্মসংস্থানে প্রযুক্তিগত জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া বিশ্ব রেকর্ডধারী এস. এ. ওয়ালিদ-এর মনোমুগ্ধকর ম্যাজিক ও মেন্টালিজম শো, শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্যাশন শোকেস, র‍্যাফেল ড্র এবং সনদ বিতরণ অনুষ্ঠান দিনব্যাপী আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে বৈশ্বিক পর্যায়ে আরও এগিয়ে নিতে দক্ষ ও উদ্ভাবনী মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, টেকসই উৎপাদন, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও বাস্তব শিল্পজ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি জানান, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আরও কার্যকর সংযোগ গড়ে তুলতে বিজিএমইএ প্রশিক্ষণ, মেন্টরশিপ, ক্যারিয়ার কাউন্সেলিং, শিল্প পরিদর্শন এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে।

বিশেষ অতিথি বিজিএমইএ পরিচালক ও নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রাশেদ আহামেদ হোসাইন বলেন, দেশের টেক্সটাইল শিল্পের অগ্রগতির মূল চালিকাশক্তি দক্ষ টেক্সটাইল প্রকৌশলীরা। তিনি টেক্সটাইল প্রকৌশলীদের বিভিন্ন যৌক্তিক দাবি ও পেশাগত উন্নয়নের বিষয়গুলো নিয়ে বিজিএমইএ এর পক্ষ থেকে ইতিবাচকভাবে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি তিনি তরুণদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা, নেতৃত্বের গুণাবলি এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

বিজিএমইএ ক্ষুদ্র ও কুটির শিল্প স্থায়ী কমিটির চেয়ারম্যান সাহমিজ বকুল বলেন, “আমাদের সময় এই ধরণের সুযোগ বা প্লাটফর্ম ছিলো না। কিন্তু এখন এই সুযোগ গুলো রয়েছে। তাই শুধু পাস করে বের হলেই হবে না, কিন্তু আপনাদের হাত ধরে টেক্সটাইল ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে, কিভাবে দেশের অর্থনীতি তে আপনারা অবদান রাখবেন সেটার প্রস্তুতিও আপনাদের নিতে হবে। ”

ক্লথস আর ইউএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কিয়াও সেইন থে ডলি বিশেষভাবে নারী টেক্সটাইল প্রকৌশলীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বর্তমান শিল্পে নারীদের জন্য সম্ভাবনার ক্ষেত্র দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। আত্মবিশ্বাস, দক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে নারীরাও শিল্পের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তিনি নারী শিক্ষার্থীদের নিজেদের সক্ষমতার ওপর বিশ্বাস রেখে সাহসিকতার সঙ্গে ক্যারিয়ার গড়ে তোলার আহ্বান জানান।

হুরাইন এইচটিএফ লিমিটেড (যমুনা গ্রুপ)-এর প্রধান বিপণন কর্মকর্তা আব্দুল হাকিম করপোরেট জীবনে সফল হওয়ার জন্য বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভালো ফলাফলের পাশাপাশি কার্যকর যোগাযোগ দক্ষতা, সময়ানুবর্তিতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি এবং প্রতিনিয়ত নিজেকে উন্নত করার মানসিকতাই একজন শিক্ষার্থীকে করপোরেট জগতে সফল করে তোলে।

করপোরেট মানবসম্পদ বিভাগের প্রধান আফলাতুন কায়সার শিল্পজীবনে দীর্ঘমেয়াদি সফলতার জন্য পেশাদার আচরণ, কর্মদক্ষতা, শেখার আগ্রহ এবং ইতিবাচক মানসিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিল্পে টিকে থাকতে হলে শুধু কারিগরি জ্ঞান নয়, আত্মশৃঙ্খলা, দায়িত্ববোধ এবং পরিবর্তনের সঙ্গে দ্রুত নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।

ডিবিএল গ্রুপের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. ইঞ্জিনিয়ার মো. ফজলে এলাহী গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভবিষ্যতের টেক্সটাইল শিল্পে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তাভাবনা, নতুন প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উৎপাদনব্যবস্থা সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে।পিএম সোর্সিং (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি ইলিয়াস ফারহাদ প্রিন্স শিল্পে দীর্ঘমেয়াদে সফলভাবে টিকে থাকার কৌশল নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সততা, পেশাদারিত্ব, ধারাবাহিক শেখার মানসিকতা, নেটওয়ার্কিং এবং সময়ের সঙ্গে নিজেকে হালনাগাদ রাখার বিকল্প নেই। যারা পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়াবে, তারাই ভবিষ্যতের শিল্প নেতৃত্ব দেবে।

এসজিএস বাংলাদেশ লিমিটেডের লিড ট্যালেন্ট অ্যাকুইজিশন সুমনা আক্তার মিম করপোরেট নিয়োগ প্রক্রিয়ায় একটি মানসম্মত জীবনবৃত্তান্ত (সিভি) তৈরির বিভিন্ন কৌশল তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, একটি সিভিতে কী ধরনের তথ্য থাকা উচিত, কীভাবে তথ্য উপস্থাপন করলে মানবসম্পদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করা যায় এবং কী ধরনের ভুল এড়িয়ে চলা প্রয়োজন। তাঁর সেশনের বিশেষ আকর্ষণ ছিল অংশগ্রহণকারীদের তাৎক্ষণিক সিভি পর্যালোচনা, যেখানে তিনি উপস্থিত শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত সরাসরি মূল্যায়ন করে বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করেন।

আয়োজকদের মতে, ‘টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৬’ শুধু একটি অনুষ্ঠান নয়; এটি শিক্ষার্থী ও শিল্পখাতের মধ্যে কার্যকর যোগাযোগ, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তারা বিশ্বাস করেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রকৌশলীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়ক হবে এবং দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com