EMMTEX SLN Textile Industry Advertisement Banner

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে কাজের সময় একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

অসুস্থ শ্রমিকদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। বেশিরভাগ শ্রমিক বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তির কথা জানিয়েছেন।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, সকালে নিয়মিত কাজ শুরু করার কিছু সময় পরই শ্রমিকদের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। দ্রুত পরিস্থিতি খারাপ হওয়ায় একে একে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

এর আগে, গত সোমবার একই কারখানায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলন ও কর্মবিরতি পালন করেন। ওই সময়ও অন্তত ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, শ্রমিকদের অসুস্থ হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com