EMMTEX SLN Textile Industry Advertisement Banner

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতরা কারখানার সাব-স্টেশন ও অফিস থেকে প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

রোববার গভীর রাতে উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে অবস্থিত অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় দেড়টার দিকে ২০ থেকে ২২ জনের একটি মুখোশধারী ডাকাত দল কারখানার ভেতরে ঢুকে পড়ে। তারা ধারালো অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে রাখে।

এরপর ডাকাতরা কারখানার বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় এবং সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেয়। পরে সাব-স্টেশন থেকে তামার তারসহ মূল্যবান যন্ত্রাংশ এবং অফিসের কম্পিউটার নিয়ে যায়।

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলীসহ পুলিশের অন্যান্য সদস্যরা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কারখানার সাব-স্টেশনসহ ভবনের বিভিন্ন স্থানে ভাঙচুরের চিহ্ন রয়েছে এবং সিসিটিভি ক্যামেরা ও অফিস কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কারখানার এক কর্মী সুমন হোসেন জানান, ডাকাতরা রামদা ও চাপাতি দেখিয়ে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে রাখে। সবাই মুখোশ পরা থাকায় তাদের শনাক্ত করা যায়নি।

কারখানার ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত সাব-স্টেশন থেকে তামার তারসহ মূল্যবান যন্ত্রাংশ এবং কিছু কম্পিউটার লুট করা হয়েছে। প্রাথমিকভাবে এসব মালামালের মূল্য প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com