বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন, টেকসই উন্নয়ন এবং নতুন যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিজিএমইএ এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এই বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা পোশাক খাতের সার্বিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল—যৌথ বিনিয়োগ বৃদ্ধি, ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী করা, ব্যবসাবান্ধব নীতিগত পরিবেশ তৈরি, সার্কুলার ফ্যাশন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কার্বন ট্রেডিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগ।
বৈঠকে বিজিএমইএ নেতৃবৃন্দ দেশীয় উদ্যোক্তাদের সাথে চীনা বিনিয়োগকারীদের একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেন। অন্যদিকে, ওকাইব প্রতিনিধিরা বাংলাদেশের পোশাক খাতের অগ্রগতির প্রশংসা করে এখানে নতুন বিনিয়োগ, উন্নত প্রযুক্তি স্থানান্তর এবং কারিগরি সহযোগিতা সম্প্রসারণে দৃঢ় আগ্রহ প্রকাশ করেন। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই পারস্পরিক সহযোগিতা বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পকে আরও উদ্ভাবনী ও প্রতিযোগিতাসক্ষম করে তুলতে বড় মাইলফলক হিসেবে কাজ করবে।
বিজিএমইএ-এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনটির পক্ষে সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং পরিচালক ফয়সাল সামাদ, শাহ রাঈদ চৌধুরী, নাফিস-উদ-দৌলা ও রুমানা রশীদ উপস্থিত ছিলেন।
অন্যদিকে ওকাইবের প্রেসিডেন্ট ফেলিক্স চ্যাং ওয়াই.সি.-এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল এই সভায় অংশ নেন। প্রতিনিধিদলে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি চ্যান, ক্লিফ রেন, লিসা লু, জোয়েল ওং, উপ-সাধারণ সম্পাদক জেসি ইউ এবং নির্বাহী পরিচালক স্টিভেন ঝাং সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

