তৈরি পোশাক খাতকে আরও টেকসই ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করতে চট্টগ্রাম বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত হলো ৩ মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ ও ক্যারিয়ার কাউন্সিলিং।
বিজিএমইএ এবং স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কোর্সে ‘সোশ্যাল কমপ্লায়েন্স ও পরিবেশ ব্যবস্থাপনা’ বিষয়ে সফলভাবে প্রশিক্ষণ নেওয়া ১৫০ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়।
রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের মাহাবুব আলী হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট শিহাব উদ্দৌজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং মূল বক্তব্য উপস্থাপন করেন বিজিএমইএ পরিচালক মজুমদার আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিএমইএ’র পরিচালক ও এনজিও বিষয়ক স্থায়ী কমিটির ডাইরেক্টর-ইন-চার্জ মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর এবং কমিটির কো-চেয়ারম্যান ওদুদ মোহাম্মদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শিহাব উদ্দৌজা চৌধুরী বলেন, “বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এবং দেশীয় পোশাক শিল্পের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে দক্ষ জনবলের বিকল্প নেই। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগিয়ে এই খাতের সার্বিক উন্নয়নে প্রশিক্ষণার্থীদের ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানের সভাপতি ও মূল বক্তা মজুমদার আরিফুর রহমান বলেন, “শিল্পের প্রকৃত চাহিদার ওপর ভিত্তি করে তরুণদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হলে একদিকে কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অবস্থান আরও আধুনিক ও সুদৃঢ় হবে।”
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে প্রশিক্ষিত জনবলকে জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে সক্রিয় অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিজিএমইএ-এসআইসিআইপি প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর মুনির চৌধুরী প্রকল্পের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জব প্লেসমেন্ট অ্যান্ড ডাটাবেজ কো-অর্ডিনেটর মোহাম্মদ আশফাকুর রহমান রাজিব এবং সার্বিক সমন্বয়ে ছিলেন কো-অর্ডিনেটর (ফাইন্যান্স) নাজমুল আলম পলাশ। আয়োজক সংস্থা জানায়, শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

