গবেষণা, উদ্ভাবন ও টেকসই টেক্সটাইল শিল্পের সম্ভাবনা নিয়ে দেশি-বিদেশি গবেষক ও শিল্প বিশেষজ্ঞদের মিলনমেলাবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজন করেছে ‘সপ্তম বিইউএফটি–ক্রিস্যাট টেক্সটাইল রিসার্চ কনফারেন্স (টিআরসি) ২০২৬’। ৩১ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার তুরাগের নিশাতনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক, শিল্প উদ্যোক্তা ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে টেক্সটাইল ও পোশাকশিল্পে গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিইউএফটি-এর অ্যাপারেল স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ রুবাইয়াত চৌধুরী। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন ক্রিস্যাটের প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল প্রোগ্রাম লিডার ড. আবু সাদাত এম. সায়েম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব মেসবাহ উদ্দিন আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মনোনীত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. প্রকৌশলী আইয়ুব নবী খান।

এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন মিলেনিয়াম অর্গানিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল মামুন, এ অ্যান্ড ই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ আরেফিন এবং শিন শিন গ্রুপের পিপল অ্যান্ড কালচারবিষয়ক উপদেষ্টা জনাব টিম জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিইউএফটি-এর ভারপ্রাপ্ত প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন এবং রেজিস্ট্রার জনাব মো. রফিকুলজ্জামানও বক্তব্য প্রদান করেন।

সম্মেলনের আন্তর্জাতিক একাডেমিক পর্বে গবেষণাপত্র ও প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের ন্যাশনাল টেক্সটাইল ইউনিভার্সিটির অধ্যাপক ড. প্রকৌশলী হাফসা জামশেদ এবং চীনের চেংদু ছিংগং পলিটেকনিক ইউনিভার্সিটির নিহং পাং। তাঁদের উপস্থাপনায় টেক্সটাইল গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সম্মেলনের কারিগরি অধিবেশনগুলোতে বিশ্বব্যাপী টেক্সটাইল ও পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। আলোচনার উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহার, টেকসই উপকরণ, পোশাক উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, স্মার্ট টেক্সটাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং টেক্সটাইল রপ্তানিতে পরিবেশগত বিধিবিধান পরিপালন। এসব আলোচনা গবেষণানির্ভর সমাধান, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির গুরুত্বকে তুলে ধরে।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ‘বিইউএফটি–ক্রিস্যাট–সেন্ট্রো ডিজিটাল ফ্যাশন ক্যাটওয়াক প্রতিযোগিতা (ডিএফসিসি) ২০২৬’ এবং ‘ক্রিস্যাট ৫-মিনিট রিসার্চ প্রতিযোগিতা ২০২৬’। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নির্বাচিত প্রতিযোগীরা তাঁদের উদ্ভাবনী ধারণা, গবেষণার ফলাফল ও সৃজনশীল চিন্তাভাবনা উপস্থাপন করেন। তরুণ গবেষক ও শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা, নতুন প্রতিভা বিকাশ এবং উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটানোই ছিল এসব আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতা শেষে উভয় বিভাগের বিজয়ীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিইউএফটি-এর প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে অংশগ্রহণকারী অতিথি, গবেষক, শিক্ষক ও আয়োজকদের অংশগ্রহণে একটি যৌথ আলোকচিত্র গ্রহণের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

সপ্তম বিইউএফটি–ক্রিস্যাট টেক্সটাইল রিসার্চ কনফারেন্স ২০২৬ টেক্সটাইল ও পোশাকশিল্পে গবেষণা, জ্ঞান বিনিময় এবং প্রযুক্তিগত উদ্ভাবনের নতুন সম্ভাবনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com