গ্যাস বা বিদ্যুৎ সংকটের কারণে কোনো পোশাক কারখানা বন্ধ করা হয়নি বলে জানিয়েছে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। কারখানা বন্ধ রাখা নিয়ে বিভিন্ন মহলে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা সঠিক নয় বলে সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, গাজীপুর ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি সদস্য কারখানা মূলত আগামী কয়েক দিনের ছুটিকে সামনে রেখে ৩ থেকে ৪ দিনের ছুটি দিয়েছে। ৫ আগস্ট (বুধবার) নির্ধারিত বাৎসরিক ছুটি (কিছু কারখানার ক্ষেত্রে) এবং ৭ আগস্ট (শুক্রবার) সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিকেএমইএ জানায়, শ্রমিকদের অনুরোধেই কয়েকটি কারখানা মঙ্গলবার ও বৃহস্পতিবার অথবা বৃহস্পতিবার ও শনিবার অতিরিক্ত ছুটি মঞ্জুর করেছে। এর ফলে শ্রমিকরা টানা চার দিন ছুটির সুযোগ পাচ্ছেন।বিকেএমইএ সভাপতি বলেন, অতিরিক্ত ছুটির দিনগুলো পরবর্তীতে অতিরিক্ত কর্মঘণ্টা দিয়ে সমন্বয় করা হবে বলে শ্রমিক প্রতিনিধিরা আশ্বস্ত করেছেন। ফলে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে, যা একটি সবার জন্য সুবিধাজনক ব্যবস্থা।

এছাড়া, ছুটির সময়ে ডাইং ইউনিটগুলোর কার্যক্রম চালু রাখা সম্ভব হলে বিদ্যমান গ্যাস সংকটের মধ্যেও ফ্যাব্রিক উৎপাদন বজায় থাকবে, যা সামগ্রিক শিল্পের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com