বাণিজ্য সংগঠনের শীর্ষ সংস্থা ‘দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. ফজলুল হক। রবিবার (২ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগ দেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১২০ দিনের মধ্যে এফবিসিসিআই-এর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করাই তার প্রধান লক্ষ্য।বাণিজ্য সংস্থা আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। ব্যবসায়ী নেতা মো. ফজলুল হক বিকেএমইএ-এর সাবেক সভাপতি, এফবিসিসিআই-এর সাবেক পরিচালক এবং প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

দায়িত্ব গ্রহণের পর এফবিসিসিআই সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নেন নতুন প্রশাসক। এ সময় নির্ধারিত সময়ে নির্বাচনী ম্যান্ডেট বাস্তবায়নে সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা কামনা করেন তিনি।

প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে সচিবালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন এফবিসিসিআই-এর মহাসচিব মো. আলমগীর। তিনি জানান, নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য সহজীকরণ ও নীতিগত সহায়তায় এফবিসিসিআই সচিবালয় তাদের কার্যক্রম বজায় রাখবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com