তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের জেরে উৎপাদন ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। এতে রপ্তানি আয় কমেছে প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকা (২৫৪ মিলিয়ন ডলার)। পাশাপাশি, উৎপাদন বন্ধ থাকায় ৩১৭টি কারখানার সরাসরি ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ১৩৬ কোটি টাকা (৪২৮ মিলিয়ন ডলার)।

​রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ক্ষয়ক্ষতির এই চিত্র তুলে ধরেছে।​

বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত অক্টোবর থেকে পোশাক শ্রমিকরা আন্দোলনে নামলেও চলতি মাসের শুরু থেকে অসন্তোষ ব্যাপক আকার ধারণ করে। অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ১ থেকে ১৮ নভেম্বর—এই ১৮ দিনে কারখানাগুলোর কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণে সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দেয় বিজিএমইএ। রোববার পর্যন্ত ৩১৭টি কারখানার দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই হিসাব তৈরি করা হয়েছে।

​সরাসরি আর্থিক ক্ষতির বাইরেও সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় চলমান অধিকাংশ ক্রয়াদেশ এখন চরম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বিজিএমইএ জানায়, রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানো (এয়ার শিপমেন্ট), বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া, এমনকি সরাসরি ক্রয়াদেশ বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে—যার আর্থিক মূল্য এই জরিপের হিসাবে যুক্ত হয়নি।​

প্রকৃত ক্ষতির ভয়াবহতা আরও ব্যাপক উল্লেখ করে বিজিএমইএ জানিয়েছে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান সামগ্রিক ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। সংগঠনটির হিসাবে, চলমান অস্থিরতায় ছয় শতাধিক পোশাক কারখানা ক্ষতিগ্রস্ত হলেও স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি প্রতিষ্ঠান তথ্য দিতে পেরেছে।

তদুপরি, জরিপে ১৮ নভেম্বর পর্যন্ত হিসাব ধরা হলেও শিল্পাঞ্চলে অস্থিরতা এখনো চলমান থাকায় সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com