চলতি বছরের প্রথম ছয় মাসের পতন কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে আবারও গতি ফিরেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে দেশটিতে পোশাক পাঠানো বেড়েছে ২৫.৬৫ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, একক মাস হিসেবে গত আগস্টে যুক্তরাষ্ট্রের বাজারে ৮১৭ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এর ওপর ভিত্তি করে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ১.৬১ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১১.৪২ শতাংশ বেশি।

এর আগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) তথ্যে দেখা যায়, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি ৫.৭৫ শতাংশ কমেছিল। উল্লেখ্য, বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র, যেখানে বিগত ২০২৫-২৬ অর্থবছরে ৭.৭৪ বিলিয়ন ডলার সমপরিমাণের পোশাক রপ্তানি হয়েছিল।

মার্কিন বাজার নিয়ে দেশের তৈরি পোশাক উদ্যোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এইচ কে সি অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল আলম চৌধুরী জানান, আগামী মাসগুলোর জন্য বায়ারদের কাছ থেকে ইতিবাচক ক্রয়াদেশ আসছে। দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনা না বাড়লে সামনে এই বাজার আরও ভালো করবে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে মনে করছেন টিম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব।

অন্যদিকে, বাজারটি দ্রুত ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের সিইও মহিউদ্দিন রুবেল। তিনি জানান, বর্তমানে রপ্তানির যে গতি রয়েছে তা আগামী ১২ মাস বজায় থাকলে চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রায় ৯ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com