তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য প্রতি মাসে সর্বনিম্ন ২৬০ মার্কিন ডলার বা প্রায় ৩২ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

২৫ অক্টোবর (শনিবার) সকালে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি বৈঠকে এই দাবি চূড়ান্ত করা হয়। পরে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

আইবিসি সভাপতি মীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, সিনিয়র সহসভাপতি আমিরুল হক, সহসভাপতি চায়না রহমানসহ অন্য কেন্দ্রীয় নেতারা।

সভায় নেতৃবৃন্দ বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও চিকিৎসা খরচ অনেক বেড়েছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় যাতায়াত খরচ বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাজারে পোশাকশ্রমিকদের পক্ষে পরিবার চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রভাবে বাজারে নতুন করে তৈরি হওয়া অস্থিরতা নিম্ন আয়ের শ্রমিকদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জীবনযাত্রার বাড়তি ব্যয়ের ওপর ভিত্তি করেই ২৬০ ডলারের এই প্রস্তাব তুলে ধরা হয়েছে। দ্রুতই অন্য সব গ্রেডের মজুরির নতুন প্রস্তাব চূড়ান্ত করা হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিম্নতম মজুরি বোর্ড গঠন করলে চেয়ারম্যান ও শ্রমিক প্রতিনিধিদের কাছে বিস্তারিত প্রস্তাবটি লিখিতভাবে জমা দেবে আইবিসি।

উল্লেখ্য, পোশাক খাতের নতুন মজুরি পর্যালোচনার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। এর আগে ২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ৮ হাজার থেকে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com