শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে সরকারি ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা থাকছে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো। কারখানা সচল থাকলেও সনাতন ধর্মাবলম্বী শ্রমিকরা যথারীতি পূজার ছুটি উপভোগ করতে পারবেন।

পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর দায়িত্বশীল নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা জানান, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের এই ছুটি তাঁদের নৈমিত্তিক বা অর্জিত ছুটি (ক্যাজুয়াল বা অর্নড লিভ) হিসেবে গণনা করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকছে। তবে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মালিক ও শ্রমিক পক্ষ আলোচনা করে শ্রম আইন অনুযায়ী ছুটি নির্ধারণ করবেন।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, বছরের শুরুতে শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে কারখানাগুলোর বার্ষিক ১৩ দিনের ছুটির তালিকা প্রস্তুত করা হয়। সাধারণত এই তালিকায় দুর্গাপূজার ছুটি অন্তর্ভুক্ত থাকে না। ফলে পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শ্রমিকরা নিজেদের নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে ছুটি পেয়ে থাকেন।

ইতোমধ্যে বিজিএমইএ শ্রম আইন অনুসরণ করে নিজ নিজ কারখানায় উৎসব ছুটি নির্ধারণের জন্য মালিকদের প্রতি নির্দেশনা দিয়েছে।

অন্যদিকে, বিজিএমইএর কার্যালয়ের ছুটির একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে পোশাক কারখানায় ছুটির বিষয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সে বিভ্রান্তি দূর করতে আগের ছুটির সূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com