বকেয়া বেতন পরিশোধ ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতনের দাবিতে রাজধানীর উত্তরায় টানা পঞ্চম দিনের মতো রাজপথে নামার চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। শনিবার (১৭ অক্টোবর) সকালে উত্তরা রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিতে গেলে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সকালে মহাসড়কে জড়ো হওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় শিল্প পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, জনভোগান্তি ও সড়ক অবরোধ এড়াতে আন্দোলনকারীদের বাধা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তাদের সরিয়ে দিতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com