সাভারে ছুটির দিনে কাজ করার সময় সুমি আক্তার ওরফে মিশু (২৭) নামের এক পোশাকশ্রমিক মারা গেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আশুলিয়ার কাঠগড়া এলাকার ‘আগামী অ্যাপারেলস লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে। সুমি রংপুরের ডিমলা উপজেলার খোকারহাট এলাকার বজলার মিয়ার মেয়ে এবং ওই কারখানার সুইং অপারেটর ছিলেন।

নিহতের পরিবার ও সহকর্মীদের অভিযোগ, অসুস্থ থাকা সত্ত্বেও সাপ্তাহিক ছুটির দিনে তাকে কাজ করতে বাধ্য করা হয়। ছুটির আবেদন করলেও কারখানা কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। এ ছাড়া কাজের চাপ ও ছুটির সময় শেষ হওয়া নিয়ে কারখানার এক কর্মকর্তা তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান বলে অভিযোগ ওঠে।

কারখানার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৫টা ১ মিনিটে সুমি তার মেশিনে কাজ করছিলেন। এ সময় এক কর্মকর্তা দ্রুত তার দিকে তেড়ে এসে মেশিনে সজোরে আঘাত করেন এবং তার হাত থেকে কাজের কাপড় কেড়ে নেন। এর কিছুক্ষণ পরেই (বিকেল ৫টা ১ মিনিট ৩৪ সেকেন্ডে) সুমি মেশিনে বসা অবস্থাতেই মেঝেতে গড়িয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কারখানার জরুরি বিভাগে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মালিকপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষের অবস্থান:

অভিযোগের বিষয়ে জানতে কারখানার চেয়ারম্যান এম শাহাদাত হোসেন কিরনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে মানবসম্পদ বিভাগের কর্মকর্তা হাসান জানান, সুমি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। ছুটি না দেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি দাবি করেন, সুমি অসুস্থতার কথা কর্তৃপক্ষকে জানাননি। সিসিটিভির ফুটেজ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নারী ও শিশু হাসপাতালের সিনিয়র ম্যানেজার (অপারেশন) হারুন-অর-রশীদ জানান, নিহতের স্বামী কোনো অভিযোগ না থাকায় মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে অ্যাম্বুলেন্সে তোলার সময় অন্য শ্রমিকরা বাধা দিলে পরিস্থিতি জটিল হয়।

ঘটনাটি নিয়ে নানা বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হওয়ায় আশুলিয়া থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে কর্মকর্তার অপেশাদার আচরণের প্রমাণ মিললেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com