উচ্চশিক্ষায় অসামান্য মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৩ জন শিক্ষার্থী। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের ফলাফলের ভিত্তিতে তাদের এই মর্যাদাপূর্ণ পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশজুড়ে মোট ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে। এই তালিকায় বুটেক্সের ২০১৯ সালের ৪ জন, ২০২০ সালের ৪ জন এবং ২০২১ সালের ৫ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।

ইউজিসির বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ২০১৯ সালের স্বর্ণপদকের জন্য মনোনীতরা হলেন—ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সুস্মিতা সাহা, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের এ. এম. এহসানুল হক, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের মো. সবুজ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের আখিরি জান্নাত।

২০২০ সালের তালিকায় রয়েছেন—ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আবু সাঈদ, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের তানিয়া আক্তার, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের মো. রেদওয়ানুল ইসলাম ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পূজা কুন্ডু।

এ ছাড়া ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন—ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. নাঈমুল ইসলাম, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের এস.কে. মোহাম্মদ রাফি, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফৌজুন নাহার খান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. ইমরান হোসেন এবং টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পৃথ্বিলা কামাল।

পুরস্কার নীতি অনুযায়ী, চূড়ান্তভাবে মনোনীত প্রতিটি শিক্ষার্থীকে ২২ ক্যারেটের ৪.৫ গ্রাম ওজনের স্বর্ণ ও ১০ গ্রাম ওজনের রৌপ্য দিয়ে তৈরি একটি পদক এবং একটি সনদপত্র দেওয়া হবে।

প্রসঙ্গত, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মান বাড়াতে এবং তরুণদের মেধার মূল্যায়নে ২০০৫ সাল থেকে এই ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে আসছে ইউজিসি।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com