বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ঐতিহ্যবাহী সংগঠন ‘বুটেক্স বিজনেস ক্লাব’-এর ২০২৬–২৭ সেশনের জন্য ১২ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।গত ২৮ আগস্ট (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ক্লাবের ১০ম বর্ষপূর্তি উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই নতুন কমিটির নাম প্রকাশ করা হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন ও বর্তমান সদস্যসহ বহু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাফিস ফুয়াদ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবদুল্লাহ আল মারুফ। এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন মো. রকিবুল ইসলাম এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক হয়েছেন রামিসা হক চৌধুরী।

কমিটির অন্যান্য পদের মধ্যে দায়িত্ব পেয়েছেন— সহ-সভাপতি (অপারেশনস) মো. তৌসিফ ইশরাক, সহ-সভাপতি (জনসংযোগ) মেহেরিন সুলতানা, সহ-সভাপতি (ক্রিয়েটিভ অ্যাফেয়ার্স) হাসানাত তৌহিদুল রহমান, সহ-সভাপতি (ইভেন্টস) ফারিহা ইয়াসমিন, সহ-সভাপতি (কমিউনিকেশনস) মো. তানভিরুল ইসলাম, সহ-সভাপতি (লজিস্টিকস ও অর্থ) মো. এজাজ আহমেদ এবং সহ-সভাপতি (মিডিয়া ও প্রকাশনা) মো. মাহদী হাসান চৌধুরী।

এ ছাড়া মো. রকিবুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহ-সভাপতি (আইটি) পদে দায়িত্ব পালন করবেন।নতুন দায়িত্ব গ্রহণ করে সভাপতি মো. নাফিস ফুয়াদ বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন এবং বৈশ্বিক নানা প্ল্যাটফর্মের সঙ্গে বুটেক্সের শিক্ষার্থীদের যোগসূত্র তৈরি করাই তাদের মূল লক্ষ্য। ক্লাবের এই ধারাবাহিকতা ক্যাম্পাস ছাড়িয়ে করপোরেট জগতেও নতুন উচ্চতা অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ জানান, ক্লাবে কাজের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাধারণ শিক্ষার্থী ও সদস্যদের কল্যাণে মানসম্মত ও গঠনমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। ক্লাবের সব ভবিষ্যৎ পথচলায় তিনি বুটেক্সের সর্বস্তরের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com