দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিদেশি কাঁচামাল নির্ভরতা কমিয়ে দেশীয় ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী করতে ৫০ মিলিয়ন ডলার (৫ কোটি মার্কিন ডলার) অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শীর্ষ শিল্পগোষ্ঠী টি. কে. গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মডার্ন সিনটেক্স লিমিটেডকে এই দীর্ঘমেয়াদি ঋণ দিচ্ছে সংস্থাটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এডিবি ও মডার্ন সিনটেক্সের চুক্তি অনুযায়ী, এই অর্থায়নের মাধ্যমে চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে কারখানাটির পলিয়েস্টার চিপস উৎপাদন ক্ষমতা দৈনিক ১০৭ টন থেকে বাড়িয়ে ৪০৭ টনে উন্নীত করা হবে। এছাড়া স্থানীয় স্বল্পমেয়াদি ঋণের পুনরর্থায়ন করা হবে। উৎপাদিত পলিয়েস্টার চিপস স্থানীয় বস্ত্র উৎপাদকদের উচ্চমানের কৃত্রিম সুতা ও কাপড় তৈরিতে কাঁচামাল হিসেবে সহায়তা করবে।

প্রকল্পটিতে বিদ্যুৎ-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে প্রতি বছর প্রায় ৪,৮৪০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় হবে এবং প্রায় ২,২২২ টন কার্বন নির্গমন কমবে। মডার্ন সিনটেক্স তাদের এই কারখানার জন্য মর্যাদাপূর্ণ ‘লিড প্লাটিনাম’ পরিবেশবান্ধব সনদ অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ঝিংফেন জিয়াং বলেন, তৈরি পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হলেও কৃত্রিম কাঁচামালের জন্য এটি আমদানি-নির্ভর। এডিবির এই অর্থায়ন অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে, সরবরাহ শৃঙ্খল জোরদার করতে এবং শিল্প খাতকে উচ্চমূল্যের পণ্য তৈরিতে সাহায্য করবে। একই সঙ্গে মীরসরাইয়ে কর্মসংস্থান সৃষ্টি ও নতুন বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে।

মডার্ন সিনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী জানান, এই সহযোগিতার ফলে কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা কমবে এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি টেকসই ও প্রতিযোগিতামূলক টেক্সটাইল শিল্প গড়ে উঠবে। এই নতুন সম্প্রসারণ উদ্যোগে অন্তত ১০০ জন মানুষের কর্মসংস্থান তৈরি হবে, যেখানে নারী কর্মীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com