চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত মডার্ন সিনটেক্স লিমিটেড পরিদর্শন করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর অ্যাপারেল ও ওয়েট প্রসেসিং বিভাগের শিক্ষার্থীরা।
গতকাল ২০ আগস্ট সকাল ৭টায় ক্যাম্পাস থেকে বাসযোগে যাত্রা শুরু করে সকাল ১০টার দিকে মডার্ন সিনটেক্স লিমিটেডে পৌঁছান শিক্ষার্থীরা। সেখানে তাঁরা রাসায়নিক কাঁচামাল থেকে ম্যান-মেইড সুতা ও ফাইবার তৈরির বিভিন্ন ধাপ সরাসরি পর্যবেক্ষণ করেন। পিটিএ ও এমইজি থেকে ইস্টারিফিকেশন ও পলিকনডেনসেশন প্রক্রিয়ায় পলিয়েস্টার পলিমার তৈরি এবং পরবর্তী স্পিনিং ও প্রসেসিংয়ের মাধ্যমে সুতা ও ফাইবার উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা নেন তাঁরা।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে গাইড শিক্ষক হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন ও ইঞ্জিনিয়ার মো. মেহেদী হাসান।
ইন্ডাস্ট্রি ভিজিটের গুরুত্ব তুলে ধরে ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম বলেন, “পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যালি জ্ঞান অর্জনের জন্য ইন্ডাস্ট্রি ভিজিটের অনেক উপকারী দিক রয়েছে।”
ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন বলেন, “বর্তমানে পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল এবং অটোমেশনে ভালো জ্ঞান অর্জনের জন্য মডার্ন সিনটেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
পরিদর্শনকালে মডার্ন সিনটেক্স লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ (এইচআর) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের সঙ্গে বর্তমান টেক্সটাইল শিল্পে নতুন গ্র্যাজুয়েটদের প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা নিয়ে আলোচনা করেন। তিনি একাডেমিক জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যাল জ্ঞান, অটোমেশন ও শিল্পভিত্তিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন।
ইন্ডাস্ট্রি ভিজিট শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা মিরসরাইয়ের বিখ্যাত খৈয়াছড়া ঝরনা পরিদর্শন করেন। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে ঝরনায় পৌঁছে তাঁরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের শিল্পকারখানার বাস্তব উৎপাদনপ্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ করে দেয়। শিক্ষার্থীদের মতে, শ্রেণিকক্ষের জ্ঞানের সঙ্গে বাস্তব শিল্পঅভিজ্ঞতার এই সংযোগ তাঁদের ভবিষ্যৎ একাডেমিক ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

