টেক্সটাইল খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ওশান টেক্সটাইল ইফেক্টের গ্লোবাল হেড হিসেবে পদোন্নতি পেয়েছেন ইঞ্জিনিয়ার জাহেদুল হক। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানটির বৈশ্বিক ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের দায়িত্বও পালন করবেন।
কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে শক্তিশালী ব্যবসায়িক অবস্থান তৈরি করেছে ওশান টেক্সটাইল ইফেক্ট। চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আরগাস ও ফ্ল্যারিয়েন্টের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে কার্যক্রম বাড়াতে সম্প্রতি যুক্তরাজ্যের ইনোভেশন ইনোভেটিভ ইউকে এবং ভারতের মেধাস্বী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক উদ্যোগে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।
ইঞ্জিনিয়ার জাহেদুল হক ২০০১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) থেকে স্নাতক সম্পন্ন করেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি টেক্সটাইল শিক্ষাক্ষেত্রেও তিনি অবদান রেখে চলেছেন। তিনি বুটেক্স ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বহিরাগত পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া শিল্পের টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা ‘টেক্সটাইল ট্রেন্ড’ ম্যাগাজিনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
টেক্সটাইল শিল্প নিয়ে বিভিন্ন সময়ে দেশের ম্যাগাজিন ও প্রকাশনায় তার একাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। দীর্ঘ কর্মজীবনে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেক্সটাইল সেমিনারে অংশ নিয়ে তিনি বাংলাদেশের টেক্সটাইল শিল্পের প্রতিনিধিত্ব করেছেন।
পেশাগত সংগঠনের সঙ্গেও রয়েছে তার দীর্ঘ সম্পৃক্ততা। তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এবং ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর আজীবন ফেলো।
পেশাজীবনের বাইরে খেলাধুলার প্রতিও রয়েছে ইঞ্জিনিয়ার জাহেদুল হকের আগ্রহ। ফুটবল, ক্রিকেট ও সাইক্লিং তার পছন্দের। এছাড়া ভ্রমণ ও মাছ ধরা তার অন্যতম শখ। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যাসন্তানের বাবা।

