মুক্তচিন্তার চর্চা বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং শিক্ষার্থীদের নিজস্ব ভাবনা প্রকাশের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত হয়েছে ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা ‘দ্য আর্ট অব এক্সপ্রেশন’।
আজ সোমবার, ১৭ আগস্ট ২০২৬ তারিখে নিটার সম্মেলন কক্ষে নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে প্রতিযোগিতাটির প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা এবং ভাবনাকে সাবলীলভাবে উপস্থাপনের সুযোগ করে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতার প্রথম পর্বে অনুষ্ঠিত হয় মুক্তহস্তে লিখন। এই পর্বের নির্ধারিত বিষয় ছিল “আমি যদি এক দিনের জন্য অদৃশ্য হতে পারতাম”। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নির্ধারিত বিষয়ের ওপর সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে নিজেদের চিন্তা ও মতামত তুলে ধরতে বলা হয়। এ সময় লেখার ক্ষেত্রে স্বকীয় চিন্তা, সৃজনশীলতা, বিষয়বস্তুর যথাযথ উপস্থাপন এবং নির্ভুলতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রতিযোগিতাটিতে নিটারের দ্বাদশ থেকে ষোড়শ ব্যাচের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নিজেদের চিন্তা ও কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে নির্ধারিত বিষয়ের ওপর ব্যতিক্রমী ও সৃজনশীল ধারণা উপস্থাপন করেন। ফলে পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।
প্রতিযোগিতার প্রথম পর্বের সঞ্চালক ও বিচারকের দায়িত্ব পালন করেন নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের মডারেটর সাদিয়া বিনতে কাওসার। এছাড়াও আয়োজনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের সহ-সভাপতি গোলাম ইয়াজদানী স্বাধীন এবং সাধারণ সম্পাদক নাশরা তাসনিম।
নিটারের শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা, সৃজনশীলতা ও আত্মপ্রকাশের চর্চাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য নিজেদের ভাবনা প্রকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে।প্রতিযোগিতার পরবর্তী পর্বগুলোতেও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকছে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের আরও নানা সুযোগ।
নিটারের শিক্ষার্থীদের চিন্তার স্বাধীনতা, সৃজনশীলতার বিকাশ এবং আত্মপ্রকাশের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের এই আয়োজন।

