বৈশ্বিক বাজারে দেশীয় পোশাক ও টেক্সটাইল পণ্যের বিস্তার ঘটাতে এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে সর্বশেষ ট্রেন্ড তুলে ধরতে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস ২০২৬’-এ অংশ নিচ্ছে বাংলাদেশের ১৭টি প্রতিষ্ঠান। ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ইউরোপসহ বিশ্ববাজারে বাংলাদেশের শক্ত অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ফ্রান্সের ‘প্যারিস লে বুরজে’ টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিসের ৫৯তম আসর অনুষ্ঠিত হবে। ইউরোপের শীর্ষস্থানীয় এই বস্ত্র ও ফ্যাশন প্রদর্শনীতে বিশ্বের ৩৫টি দেশের প্রায় ১ হাজার ৩০০টি পোশাক উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নেবে।

এবারের প্রদর্শনীতে তৈরি পোশাক খাতে চীনের পরই দ্বিতীয় বৃহত্তম সোর্সিং হাব হিসেবে বাংলাদেশের অংশগ্রহণে ১৭টি প্রতিষ্ঠানকে দেখা যাবে। এর মধ্যে ‘টেক্সওয়ার্ল্ড’ সরাসরি বিভাগে থাকছে হুরাইন হাই টেক, এনজেড ডেনিম ও এনজেড ফ্যাব্রিক। আর ‘অ্যাপারেল সোর্সিং’ বিভাগে থাকবে নেক্সজেন অ্যাপারেল ও এইচ অ্যান্ড এফ ফ্যাশন।এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্যাভিলিয়নের অধীনে আরও ১২টি বাংলাদেশি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেবে। প্রতিষ্ঠানগুলো হলো— কমোডা গার্মেন্টস, স্কাইলার্ক নিট কম্পোজিট, নরবান কমটেক্স, ওয়ার্পটেক্স, বিএনএম গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফ্যাবিটেক্স ইন্ডাস্ট্রিজ, ডিকে টেক্সটাইল, ফ্যাব্রিকা নিট কম্পোজিট, ডুকাটি অ্যাপারেলস, কোরাস ফ্যাশন, বেঙ্গল গ্লোরি এবং এসআইএম ফ্যাব্রিকস।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক টেক্সটাইল মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর এই অংশগ্রহণ বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে সরাসরি নেটওয়ার্ক তৈরি, নতুন সোর্সিং চুক্তি সম্পাদন এবং রপ্তানি বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com