দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব (সেক্রেটারি জেনারেল) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম।

সামরিক নেতৃত্ব, শিক্ষাক্ষেত্র ও আন্তর্জাতিক কূটনীতিতে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ ড. সাহেদুল ইসলাম পূর্বে ওয়াশিংটন ডিসিতে ডিফেন্স অ্যাটাচে হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘লিজিওন অব মেরিট’ সম্মাননায় ভূষিত হন।

শিক্ষাজীবনে অসামান্য কৃতিত্বের অধিকারী ড. সাহেদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ের ওপর পিএইচডি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও এমবিএ এবং ভারতের ওসমানীয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিগ্রি সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ডিন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রেজারার ও অধ্যাপক এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিজিএমইএ পর্ষদ আশা প্রকাশ করে যে, ড. সাহেদুল ইসলামের আন্তর্জাতিক কূটনৈতিক জ্ঞান, মেধা ও কৌশলগত নেতৃত্ব দেশীয় পোশাক খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে এবং বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে তার অভিজ্ঞতা বিশেষ উপকারে আসবে।

নতুন দায়িত্ব গ্রহণ করে মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম জানান, বাংলাদেশের জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। বৈশ্বিক মন্দা মোকাবিলা, পোশাক পণ্যের বৈচিত্র্য আনা, নতুন বাজার সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্ত করতে তিনি বিজিএমইএ পরিচালনা পর্ষদ ও সব উদ্যোক্তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com