জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে (নিটার) অনুষ্ঠিতব্য ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০’-এর লোগো উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ জুলাই) ইন্সটিটিউটের কনফারেন্স রুমে লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে নিটার টেক্সটাইল ক্লাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা। এ সময় টেক্সটাইল বিভাগের শিক্ষকবৃন্দ, নিটার টেক্সটাইল ক্লাবের উপদেষ্টা ও সদস্যরা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০’ দেশের টেক্সটাইল খাতকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিল্পখাতের পেশাজীবী, উদ্যোক্তা এবং টেক্সটাইলপ্রেমীদের জন্য জ্ঞান বিনিময়, উদ্ভাবন, সৃজনশীলতা ও নেটওয়ার্কিংয়ের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন, শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা উৎসবটির সার্বিক সফলতা কামনা করেন। আগামী ১৮ ও ১৯ জুলাই নিটার ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০।

