শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকার আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পোশাক শ্রমিকেরা। শুক্রবার (৩১ জুলাই) সকালে আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কারখানাগুলোতে উৎপাদন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে উৎপাদন কমে গিয়ে সাধারণ শ্রমিকদের কর্মসংস্থান ও দৈনন্দিন আয় অনিশ্চয়তার মুখে পড়েছে। অনেক কারখানায় এরই মধ্যে কাজের সময়সীমা কমিয়ে আনা হয়েছে, যা শ্রমিকদের জীবনযাত্রায় সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে।

শ্রমিক নেতারা আরও উল্লেখ করেন, দেশের অর্থনীতি ও রপ্তানি খাতের প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে হলে কারখানায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বড় ধরনের হুমকির মুখে পড়বে।

তাই জাতীয় স্বার্থে ও শিল্পের চাকা সচল রাখতে অবিলম্বে সংকট নিরসনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা কমিটির সভাপতি মো. মাসুদ রানা সুলতান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনছুর আলী, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. সাগর ইসলাম এবং গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বকুল আহম্মেদসহ অন্যান্য স্থানীয় শ্রমিক নেতারা।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com