নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের টেক্সটাইল প্রকৌশল বিভাগের ফল ২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে টেক্সটাইল ক্লাবের উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তাদের বিশ্ববিদ্যালয়জীবনের নতুন পথচলাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্সটাইল প্রকৌশল বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান জি. এম. ফয়সাল আহমেদ, টেক্সটাইল ক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা মো. শাহেদুল ইসলাম, সভাপতি মো. তানভীর রানা, সাধারণ সম্পাদক মো. বিদ্যুৎ হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও উপহার প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে তাদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনা, বিশ্ববিদ্যালয়জীবন, বিভাগীয় কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বিভাগীয় প্রধান জি. এম. ফয়সাল আহমেদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নিয়মিত পড়াশোনা, শ্রেণিকক্ষে মনোযোগী থাকা, সময়ের যথাযথ ব্যবহার এবং পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নবীনদের বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়জীবনকে শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন সৃজনশীল ও সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা বিকাশের আহ্বান জানান।
মতবিনিময় পর্বে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও বিভাগ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং শিক্ষক ও সিনিয়রদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। এ সময় নবীনদের সঙ্গে সিনিয়র শিক্ষার্থীদের একটি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীন শিক্ষার্থীদের নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস ঘুরিয়ে দেখানো হয়। এ সময় তাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাসের পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। নবীনদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে টেক্সটাইল প্রকৌশল বিভাগের পরিবেশ।
এ আয়োজনের মধ্য দিয়ে ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে টেক্সটাইল পরিবারের একটি সুন্দর ও আন্তরিক সম্পর্কের সূচনা হয়।নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল ক্লাবের পক্ষ থেকে ফল ২০২৬-এর সকল নবীন শিক্ষার্থীকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের বিশ্ববিদ্যালয়জীবন জ্ঞান, দক্ষতা, সাফল্য ও সুন্দর স্মৃতিতে সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা সবার।
প্রতিবেদক : মোঃ এহসানুল আজম মুননর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ


