বাংলাদেশের তৈরি পোশাক (RMG) খাতকে বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক, উদ্ভাবনী এবং টেকসই হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২০ ও ২১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বায়লা ফিউচার সামিট’।
সেই উপলক্ষে আজ শনিবার (১১ জুলাই) রাজধানীতে একটি সংবাদ সম্মেলন আয়োজিত হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশন (BAYLA) আনুষ্ঠানিকভাবে এই সামিট আয়োজনের ঘোষণা দেয়। দুই দিনব্যাপী এই সামিটটি রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে। এবারের সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “Together Towards a Future-Ready 2030″। পোশাক শিল্পের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা এবং এই খাতের নতুন প্রজন্মের নেতৃত্বকে একতাবদ্ধ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
আজকের সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ আয়োজনে দেশের ব্যবসা, প্রযুক্তি, অর্থায়ন ও নীতিনির্ধারণী পর্যায়ের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা বিভিন্ন সেশনে প্যানেলিস্ট ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সামিটের বিভিন্ন সেশনে পোশাক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও প্রযুক্তির রূপান্তর নিয়ে আলোচনা করবেন আস্থা আইটি (Astha IT)-এর প্রতিষ্ঠাতা ও সিইও হাসনাইন রিজভী রহমান। এছাড়া এই খাতের নীতিগত সুবিধা ও প্রয়োজনীয় কৌশলগত দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ।
ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনের বাইরে ডিস্ট্রিবিউশন এবং কাস্টমার এক্সপেরিয়েন্সের শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে ব্যবসা বড় করা যায়, তা নিয়ে সেশন পরিচালনা করবেন ট্রান্সকম লিমিটেডের গ্রুপ সিইও সিমিন রহমান।
সামিটে ডেটা-চালিত সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যেখানে আগামী দশকের প্রস্তুতিতে ডেটার ব্যবহার নিয়ে কথা বলবেন পিডব্লিউসি (PwC) বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের টেকসই মানদণ্ডকে কীভাবে বাংলাদেশের পোশাক খাত নিজেদের স্বতন্ত্র করার সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে, তা নিয়ে আলোচনা করবেন এসটিটিআই (STTI)-এর প্রজেক্ট ম্যানেজার লিসা রামেরশোভেন।
অন্যদিকে, বাংলাদেশি পারিবারিক ব্যবসার পরবর্তী আর্থিক বিবর্তন নিয়ে আলোকপাত করবেন অ্যাঙ্করলেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার রাহাত আহমেদ এবং পোশাক খাতের পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রস্তুতি নিয়ে কথা বলবেন বিটোপি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং এটিটিআই (ATTI)-এর গ্লোবাল কাউন্সিল প্রতিনিধি মিরান আলী।
সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয় যে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে বিশ্বমঞ্চে শীর্ষস্থানে ধরে রাখতে এবং একটি টেকসই ইকোসিস্টেম তৈরি করতে এই সামিট নতুন প্রজন্মের উদ্যোক্তা ও লিডারদের জন্য অত্যন্ত কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

