বাংলাদেশের টেক্সটাইল খাতের ভবিষ্যৎ রূপরেখা, বিদ্যমান সমস্যা সমাধান এবং নতুন সম্ভাবনা উন্মোচনে একটি অনলাইন প্যানেল আলোচনার আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন সায়েন্স, আর্টস অ্যান্ড টেকনোলজি (ক্রিস্যাট)।
‘বাংলাদেশ টেক্সটাইল ফিউচার্স ২০৩০/৩৫: সলভিং প্রবলেমস অ্যান্ড আনলকিং পোটেনশিয়ালস’ শীর্ষক এই আলোচনা সভাটি শুক্রবার (১০ জুলাই) রাতে অনুষ্ঠিত হয়। একই সাথে টেক্সটাইল ও ফ্যাশন শিক্ষার্থীদের জন্য ‘ক্রিস্যাট রিসার্চ কমপিটিশনস- সিজন ২ (২০২৬)’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং পোশাক শিল্পের প্রায় অর্ধশতাধিক পেশাদার অংশ নেন।
ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আইয়ুব নবী খান, সাউথইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. প্রকৌশলী এএনএম আহমেদ উল্লাহ এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসেন।
এছাড়াও আলোচক হিসেবে যুক্ত ছিলেন হংকং গার্মেন্ট চেম্বার অব কমার্সের (এইচকেজিসিসি) এ-এ-এম কমিটির চেয়ারম্যান প্রকৌশলী দেওয়ান সাইফুল আলম মাসুদ, আইটিইটির সাধারণ সম্পাদক প্রকৌশলী এ.এস.এম. হাফিজুর রহমান নিখন এবং স্কয়ার ডেনিমস লিমিটেডের পরিচালক (অপারেশন) প্রকৌশলী সাঈদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রিসেটের প্রতিষ্ঠাতা ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
আলোচনায় বক্তারা গবেষণা ও শিল্প খাতের দূরত্ব কমিয়ে আনতে বিশ্ববিদ্যালয় ও পোশাক শিল্পের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা যৌথ গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেক্সটাইল খাতকে এগিয়ে নেওয়ার তাগিদ দেন। এছাড়া বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পকে শক্তিশালী করতে এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে ওভেন ও নিটিং খাতে সরকারি প্রণোদনার দাবি জানান বক্তারা।
দেশীয় টেক্সটাইল শিল্পের সুরক্ষায় আমদানিকৃত সুতার ওপর সুনির্দিষ্ট শুল্ক আরোপের সুপারিশ করেন বিশেষজ্ঞরা, যাতে স্থানীয়ভাবে উৎপাদিত সুতার ব্যবহার বাড়ে এবং স্পিনিং, উইভিং ও নিটিং শিল্প সুরক্ষিত থাকে। একই সাথে উচ্চমূল্যের, প্রযুক্তিগত ও পরিবেশবান্ধব টেক্সটাইল পণ্যের ওপর জোর দিয়ে রপ্তানি বাজার ও পণ্যের বৈচিত্র্যকরণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে টেক্সটাইল ও ফ্যাশন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা উপস্থাপনের সুযোগ করে দিতে ‘ফাইভ-মিনিট রিসার্চ কমপিটিশন (5MRC)’ এবং ‘পোস্টার কমপিটিশন’ এর উদ্বোধন করা হয়। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকায় বিইউএফটি-এর সহযোগিতায় ‘৭ম টেক্সটাইল রিসার্চ কনফারেন্স (টিআরসি ২০২৬)’ চলাকালীন অনুষ্ঠিত হবে।

