হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জি. অমিত কুণ্ডুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উত্তরার হাই কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি তার নিজ জেলা বগুড়ায় নেওয়া হয়।
তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, বন্ধু, সহকর্মী ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও, তার মৃত্যুতে আইটিইটির সদ্য নির্বাচিত সভাপতি মো. এনায়েত হোসেন ও মহাসচিব এ এস এম হাফিজুর রহমান নিক্সন শোক প্রকাশ করেছেন।
অমিত বুটেক্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (TEM) বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী। পেশাগত জীবনে তিনি সাভারের জিরানী এলাকায় অবস্থিত অকোটেক্স গ্রুপে ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

