গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক। মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। পরে তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঠিক কতজন শ্রমিক অসুস্থ হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি কারখানা কর্তৃপক্ষ।
শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, একটি ফ্লোরে কাজ চলাকালে হঠাৎ করেই একে একে অনেকের বমি, মাথা ঘোরা ও দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়। কিছু শ্রমিক মেঝেতে লুটিয়ে পড়লে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারখানার শ্রমিক জেসমিন আক্তার বলেন, কিছুদিন আগে একই ফ্লোরে ছুটি না পেয়ে অসুস্থ অবস্থায় কাজ করতে গিয়ে লিজা বেগম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। এবারও একই ফ্লোরে ধারাবাহিকভাবে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন। তবে এর পেছনের কারণ সম্পর্কে তিনি নিশ্চিত নন।
আরেক শ্রমিক মনিরা জানান, আক্রান্তদের বেশির ভাগই বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতায় ভুগছেন। তাঁর দাবি, ওই ফ্লোরে কর্মরত প্রায় সব শ্রমিকই কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসাইন বলেন, তাঁদের হাসপাতালে অর্ধশতাধিক শ্রমিক চিকিৎসা নিচ্ছেন। বেশির ভাগ রোগীর মধ্যে বমি ও মাথা ঘোরার উপসর্গ দেখা গেছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া জানান, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com