EMMTEX SLN Textile Industry Advertisement Banner

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।

সম্প্রতি ‘মায়ের ডাক’-এর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রামিসার পরিবারের বাসায় যান তিনি। এ সময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। মেয়ের স্মৃতিচারণ করতে গিয়ে মোবাইল ফোনে থাকা ছবিগুলো দেখাতে দেখাতে কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা। পরিবারের সদস্যরা জানান, রামিসার মৃত্যুর পর এই প্রথম তারা ফোনে থাকা সন্তানের ছবিগুলো আবার দেখেছেন।

এ সময় রামিসার বাবা এ নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান–এর প্রতি বিষয়টি গুরুত্বসহকারে দেখার অনুরোধ জানানোর আহ্বান জানান সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির কাছে।

পরিবারটির প্রতি সহমর্মিতা প্রকাশ করে সানজিদা ইসলাম তুলি বলেন, সরকার ইতোমধ্যে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, আইনমন্ত্রী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন এবং গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি আরও বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক ঘটনার শিকার হতে না হয়, সে লক্ষ্যে সমাজের সব স্তরের মানুষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও সংসদ সদস্য।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com