Advertisement

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হচ্ছে ঈদযাত্রা। সাত দিনের সরকারি ছুটি মঙ্গলবার থেকে শুরু হলেও অনেকেই আজ সোমবার থেকেই বাড়ির পথে রওনা দিচ্ছেন। যানজট ও ভোগান্তি কমাতে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ ও কারখানা মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একসঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক সড়কে না নামায় যানজট কমবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, সোমবার (১৬ মার্চ) বিকেল থেকেই গাজীপুরের অনেক পোশাক কারখানায় ছুটি শুরু হবে। পর্যায়ক্রমে এই ছুটি চলবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত। এতে শ্রমিকরা টানা কয়েক দিন ধরে ধাপে ধাপে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন।

শিল্পাঞ্চল সংশ্লিষ্টরা বলছেন, একযোগে সব কারখানা ছুটি দিলে সড়কে অতিরিক্ত চাপ তৈরি হয় এবং যানজট বাড়ে। তাই ধাপে ধাপে ছুটি দিলে শ্রমিকদের যাতায়াত সহজ হবে।

এদিকে ইতোমধ্যে অনেক শ্রমিক তাদের পরিবারের সদস্যদের গ্রামে পাঠাতে শুরু করেছেন। বিকেলের পর থেকে ছুটি পাওয়া শ্রমিকরা নিজ নিজ গ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবেন বলে জানা গেছে। তবে বড় পরিসরে ঈদযাত্রা শুরু হবে বুধবার দুপুরের পর থেকে।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুতি নিয়েছে। গাজীপুর ইন্ডাস্ট্রি পুলিশ এর পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন বলেন, শ্রমিকদের যেন ভোগান্তি ও যানজটের মুখে পড়তে না হয় সেজন্য একসঙ্গে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, সোমবার বিকেল থেকেই শ্রমিকরা গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সড়কে যানজট কমানো এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com