EMMTEX SLN Textile Industry Advertisement Banner

কারখানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ এবং ঈদের আগে সব বকেয়া পাওনা পরিশোধের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (১৫ মার্চ) বিকেলে আশুলিয়ার বাইপাইল ত্রিমোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।

শ্রমিকদের অভিযোগ, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত উইলিয়াম সোয়েটারস লিমিটেড কারখানায় তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন। সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি প্রায় ৫০ কিলোমিটার দূরে অন্য এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে শ্রমিকদের চাকরি ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

শ্রমিকরা জানান, হঠাৎ করে এত দূরে কারখানা স্থানান্তরের সিদ্ধান্তে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অনেক শ্রমিক দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় বসবাস করছেন এবং তাদের সন্তানরা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে। ফলে নতুন এলাকায় গিয়ে কাজ ও বসবাস করা তাদের জন্য কঠিন হয়ে পড়বে।

এ অবস্থায় শ্রম আইন অনুযায়ী বকেয়া পাওনা পরিশোধ এবং শ্রমিকদের ওপর চাপ বন্ধের দাবিতে তারা বাইপাইল ত্রিমোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ইউনিটি –এর কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফারিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। এ সময় শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান, শ্রমিক মো. শাহাজাহান ও মো. রাজা মিয়াসহ আরও অনেকে বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, ন্যায্য দাবি উত্থাপন করলেই শ্রমিকরা বিভিন্ন ধরনের চাপ ও হুমকির মুখে পড়ছেন। তারা দ্রুত এসব হয়রানি বন্ধ করে ঈদের আগেই শ্রমিকদের সব বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com