বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) প্রকাশিত ‘৮ মাসে ৯৫টি কারখানা বন্ধ, ৬২ হাজার লোক কর্মহীন’ তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভুল তথ্য উপস্থাপনের জন্য দুঃখ প্রকাশ করেছে সিপিডি।

সরকারের নতুন মেয়াদের প্রথম ছয় মাসের অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে গত সোমবার ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপের আয়োজন করে সিপিডি। অনুষ্ঠানে উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী—এই তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে ৬১ হাজার ৮৮১ জন শ্রমিক কর্মহীন হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিপিডির এই তথ্য বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়। পরে অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম ‘দ্য ডিসেন্ট’ তথ্যটির অসঙ্গতি তুলে ধরে।

এরপর মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ভুল তথ্য উপস্থাপনের বিষয়টি স্বীকার করে সিপিডি। বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, উপস্থাপিত তথ্যটি ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ থেকে নেওয়া হয়েছিল। তবে প্রতিবেদন তৈরির সময় তথ্যটির মূল উৎস যাচাই করা হয়নি।

সিপিডি আরও জানায়, পরবর্তীতে যাচাই করে দেখা যায়, ঢাকা ট্রিবিউনে প্রকাশিত ওই সংবাদটি মূলত ২০২৫ সালের ৫ মার্চ প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হয়েছিল। অর্থাৎ, ২০২৫ সালের তথ্যকে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট সময়কালের তথ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে সিপিডি বলেছে, ‘অসাবধানতাবশত বিভ্রান্তি সৃষ্টির ফলে আমরা দুঃখ প্রকাশ করছি।’

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের তথ্যগত বিভ্রান্তি এড়াতে তাদের গবেষণা দল তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক থাকবে। একই সঙ্গে ভুলটি শনাক্ত করে বিষয়টি সামনে আনা এবং পেশাদারিত্বের জন্য ‘দ্য ডিসেন্ট’কে ধন্যবাদ জানিয়েছে সিপিডি।

ফলে সিপিডির প্রতিবেদনে উল্লেখ করা ‘চলতি বছরের আট মাসে ৯৫টি কারখানা বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন’—এই দাবিটি বর্তমান সময়ের তথ্য নয়; এটি মূলত ২০২৫ সালের একটি সংবাদ থেকে নেওয়া তথ্য।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com